মিটফোর্ডে হাসপাতালের টয়লেটে বিস্ফোরণে আহত ১
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের একটি টয়লেটে বিস্ফোরণে এক কর্মচারী আহত হয়েছেন।
বুধবার ভোররাতে সুয়ারেজ লাইনে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।
হাসপাতালের পরিচালক মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি বিভাগের একটি টয়লেটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে জরুরি বিভাগের সব জানালার কাচ ভেঙে গেছে।
এ সময় জরুরি বিভাগের টিকেট কাউন্টারের সামনে থাকা আদি মিয়া (৩৫) আহত হন। তিনি হাসপাতালে অস্থায়ীভাবে কাজ করেন।
বিস্ফোরণে ঘাড়ে ও মুখে আঘাত পেয়েছেন আদি মিয়া, তার চিকিৎসা চলছে বলেও জানান জাকির হাসান।
“সুয়ারেজের গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আমরা মনে করছি,” বলেন হাসপাতাল পরিচালক।
ডিএমপির কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে বোমা বা অন্য কিছু পাওয়া যায়নি।
“মূলত বিস্ফোরণ ঘটা টয়লেটটি তেমন খোলা হতো না। সুয়ারেজের গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
