নড়িয়ায় বোমা বানানোর সময় বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফারণে তিন জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নশাসন গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনার পর আহতরা পালিয়ে গেলেও রক্তের দাগ দেখে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নশাসন গ্রামের জাহাঙ্গীর চৌকদার, সেকান্দার চৌকদার ও নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গ্রামের মোহাম্মদ আলী চৌকদারের বাড়িতে একটি পরিত্যক্ত মুরগি খামারের ঘরে কয়েকজন যুবক বোমা বানানোর সময় একটি বিস্ফোরিত হলে তিন জন আহত হন।
তারা জানান, আহত সিরাজ চৌকদার, মাসুম মুন্সি ও রফিক চৌকদার বিস্ফোরণের পরপরই একটি অটোরিকশায় করে পালিয়ে যান।
এসআই আলমগীর বলেন, তিনি নিজে একদল পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরির সরঞ্জাম, শীল-পাটা, বেশকিছু কাচ ভাঙা ও জর্দার কৌটা উদ্ধার করেন।
ঘটনাস্থলে তিনি আহতদের রক্তের দাগ দেখতে পেয়েছেন।
এ ঘটনায় নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান এসআই আলমগীর।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনার পর সিরাজ চৌকদার, মাসুম মুন্সি ও রফিক চোকদার আহত হওয়ার পর একটি অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যান।
“জাহাঙ্গীর চৌকদার ও সেকান্দার চৌকদার এ খবর আমাকে জানালে আমি নড়িয়া থানায় খবর দেই,” বলেন দেলোয়ার।
