ঝালকাঠীতে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড
প্রায় আট বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ঝালকাঠীর আদালত।
ঝালকাঠীর সাবেক পাবলিক প্রসিকিউটর হায়দার হোসেন হত্যা মামলায় জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবদুল হালিম বুধবার এই রায় দেন।
মৃত্যদণ্ডে দণ্ডিতরা হলেন- রাজশাহীর আমিনুল ওরফে আমির হোসেন, বশির হোসেন ও বিল্লাল হোসেন, বরগুনার মোহাম্মদ মেহেদী হাসান ওরফে তানভীর এবং খুলনার মুরাদ হোসেন।
এদের মধ্যে বিল্লাল ও বশির পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে নামাজ পরে বাসায় ফেরার পথে জেএমবি সদস্যরা হায়দার হোসেনকে গুলি চালিয়ে হত্যা করে।
পরদিন তার ছেলে তারিক ইবনে হায়দার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৫৬ জনের সাক্ষ্য নিয়ে বুধবার রায় দিল আদালত।
ঝালকাঠীতে দুই বিচারক হত্যামামলায় শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ জেএমবির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড হয়েছিল। নিষিদ্ধ সংগঠনটির নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে।
২০০৫ সালে জেএমবি সদস্যদের গুলিতে বিচারক সোহেল আহম্মেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন। আদালতে দুই বিচারকের ওই হত্যা মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তৎকালীন জেলা জামায়াতের আমির হায়দার হোসাইন।
এ কারণে ক্ষুব্ধ জেএমবি সদস্যরা শহরের গোরস্থান মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ২০০৭ সালের ১১ এপ্রিল হায়দারকে হত্যা করেন বলে মামলায় বলা হয়েছে।
