খুনিদের সঙ্গে কিসের সংলাপ: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত জোটের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে রাজনৈতিক কর্মসূচির নামে অবিলম্বে সহিংসতা বন্ধ করতে বলেছেন তিনি।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবরোধের আগুনে দগ্ধদের অর্থ সহায়তা দেওয়ার পর বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সংকট কাটাতে সংলাপের উদ্যোগ নেওয়া হবে কি না- এক সাংবাদিক জানতে চাইলে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, “খুনিদের সঙ্গে কিসের সংলাপ?”
“কার সাথে? হত্যাকারীর সাথে, আগুনে যে পুড়িয়ে মারে তার সাথে? যার মাঝে এতোটুকু মনুষ্যত্ব নেই। এতোটুকু দয়ামায়া নেই, যেভাবে মানুষ পুড়িয়ে মারে।”
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর সহানুভূতি জানাতে প্রধানমন্ত্রী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেলে দরজা বন্ধ করে রাখা হয়।
এ বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি তো গিয়েছিলাম। খালেদা জিয়ার ছেলে মারা গেল, সহানুভূতি জানাতে। গেট বন্ধ করে রাখল। আমাকে যেতে দেয়নি।
“আমাকে যেভাবে অপমান করেছে, এই যারা সংলাপ সংলাপ বলছে- তাদের যদি এভাবে অপমান করে, তারা দ্বিতীয়বার যাবে নাকি?”
সংলাপে বসতে নাগরিক সমাজের প্রস্তাবের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “কিছু লোকের একটা খেলা শুরু হয়েছে। তারা চোখে দেখে না- একজন সন্ত্রাস করে যাচ্ছে। মানুষ পুড়িয়ে মারছে। এখানে আমার অপরাধ কী? দুজনকে এক করবে কেন ?”
সোমবার নাগরিক সমাজের পক্ষ থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা স্বাক্ষরিত তিনটি চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের বরাবর পাঠানো হয় বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
চলমান সঙ্কট অবসানের লক্ষ্যে ওই চিঠিতে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানানো হয়।
নাগরিক সমাজের ওই সব প্রতিনিধিদের প্রতি আগে নাশকতা বন্ধের জন্য উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা এই কথা বলছে, তাদের আমি বলব- আগে যারা সন্ত্রাস করছে, বোমা মেরে মানুষ হত্যা করছে- এরা তো জঙ্গিবাদী কাজ করছে, আগে তাদের বিরত করুক তারা।
“তাদের যদি এতোই উদ্যোগ নেওয়ার উৎসাহ থাকে, তাহলে আগে এই সব কাজ যারা করছে- তাদের বন্ধ করুক।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল, যাতে নাশকতায় ইতোমধ্যে অর্ধ শতাধিক মানুষ মারা গেছেন।
হরতাল-অবরোধের নামে এভাবে পুড়িয়ে মানুষ মারার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “মানুষকে বাঁচার সুযোগ না দিয়ে হত্যা করা-এটা কোনো রাজনীতি না, এটা একেবারে জঙ্গিবাদী কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড।
“মানুষকে দেখে সরাসরি পেট্রোল বোমা ছুড়ে মারা, গাড়িতে ছুড়ে মারা, মানুষকে বাঁচার সুযোগ না দিয়ে, এভাবে সরাসরি মানুষ হত্যা করা- এটা কোন ধরনের রাজনীতি,” প্রশ্ন করেন তিনি।
আন্দোলনের নামে এভাবে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ করতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বলব- মানুষ হত্যা করা এই মুহূর্তে তাকে বন্ধ করতে হবে। কারণ মানুষ হত্যা করার লাইসেন্স তাকে কেউ দেয়নি। সে জামাত-শিবিরকে নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষকে এভাবে পুড়িয়ে মারবে, বোমা মেরে মারবে- এটা কখনো আমরা সহ্য করবো না। এটা কেউ সহ্য করতে পারে না।
“খালেদা জিয়াকে এটাই বলব-তার এই মানুষ হত্যার খেলা বন্ধ করতে হবে।”
এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন,“যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের হুকুমদাতা, অর্থ জোগানদাতা এবং যারা করছে, জঙ্গিবাদের যেভাবে শাস্তি ও বিচার হয়, আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে হয়- ঠিক আমরা সেভাবে বিচারের ব্যবস্থা করব। সেভাবেই আমরা সব কিছু করব।
“যারা অর্থ জোগান দেয়, বোমা বানায়, বোমা মারে তারা সবাই দোষী। সবাইকে ধরতে হবে।”
বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,“সকলে মিলে প্রতিরোধ গড়তে হবে। যারা বোমা বানায়, বোমা মারে তাদের ধরিয়ে দিতে হবে।”
আওয়ামী লীগ সরকারের আমলে নানা ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, “গত ছয় বছরে বাংলাদেশের যে উন্নতি হয়েছে, আর কোন সরকারের সময় এই উন্নতি করেছে?”
“যারা বলেন, যারা দেখেন- তারা এগুলো দেখেন না?”
“শুক্রবারও বাদ যাবে না। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল। এটা কী? এটা ফাজলামি নাকি? খেলা পেয়ে গেছে মানুষের জীবন নিয়ে।”
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক কাঁতারে না ফেলতে পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “আর, একদল নেমে গেছে সংলাপ সংলাপ করে। একেকজন তো তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ছিল। তারা কী করেছে? তারা তো ইলেকশন করতে পারে নাই? তারা তো পদত্যাগ করে চলে গেছে।
“এখানে এক করে ফেলার কোনো সুযোগ নেই। একজন মানুষ খুন করবে। একজন খুনির সাথে আমাদের এক করে ফেলার কোনো সুযোগ নেই।”
জামায়াত-বিএনপিকে জঙ্গিবাদী সংগঠন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটা তো সম্পূর্ণ জঙ্গিবাদ, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।এটা কোনো রাজনীতি না। আমি জানি কেউ কেউ রাজনীতিকে দোষে। এটা রাজনীতি না। এটা একেবারে জঙ্গিবাদ।
“বাংলাদেশে এই জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ থাকবে না। এটা হলো বাস্তব কথা।”
যে কোনোভাবেই হোক না কেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা এটাকে রাজনীতি বলেন, তারা ভুল বলেন। এটা জঙ্গিবাদ। এটা সন্ত্রাস। সন্ত্রাস যেভাবে দমন করতে হয়, আমরা সেভাবে করে যাচ্ছি। আমরা করব, যতদূর যাওয়া লাগে আমরা যাব।”
খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এটা বিকৃত মানসিকতা। ওই মহিলার মানসিক বিকৃতি ঘটে গেছে। নিশ্চয়ই উম্মাদ হয়ে গেছে।”
নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কথা তুলে ধরে তিনি বলেন, এজন্য এরইমধ্যে বেশ কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের সংবাদ প্রচার না করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিদের নিউজ দেখানো বন্ধ করেন- সব সমস্যার সমাধান হয়ে যাবে।
“তাদের যারা বেশি কভারেজ দিচ্ছেন- তাদের বেশি উৎসাহিত করছেন। এটা বন্ধ করেন। দেখবেন অমনি তা কমে যাবে।
“কেন জল্লাদের প্রচার করছেন? জল্লাদের প্রচার বন্ধ করেন সব কমে যাবে।”
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন ছিলেন।
সকালে বার্ন ইউনিটে গিয়ে বোমা ও আগুনে দগ্ধদের পাশে গিয়ে তাদের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে পেয়ে আহতদের কয়েকজন স্বজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এ সময় প্রধানমন্ত্রীকেও চোখ মুছতে দেখা যায়।
