নোয়াখালীতে দুই গাড়িতে আগুন, বোমাবাজি
অবরোধের মধ্যে নোয়াখালী শহরে একটি প্রাইভেটকার ও একটি আটোরিকশায় আগুন দেয়াসহ বেশ কয়েকটি গাড়িতে ভাংচুর করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মাইজদি ও দত্তেরহাট এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
পরে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয় বলে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
স্থানীয়দের কয়েকজন জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি হাতবোমা ফাটায় অবরোধকারীরা। এ সময় মাইজদি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মাইজদি বাজারের দিকে আসতে থাকা একটি প্রাইভেটকারে আগুন দেয় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
একই সময় দত্তেরহাট পিলিং স্টেশনের সামনে অবরোধ সমর্থকরা একটি অটোরিকশায় আগুন দেয়। এ সময় তারা চারটি হাতবোমা ফাটায়। খবর পেয়ে পুলিশ গিয়ে শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি সামলায়।
এরইমধ্যে মাইজদি বাজার, নতুন বাসস্ট্যান্ড, দত্তেরহাটসহ বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি অটোরিকশায় ভাংচুর করে হরতাল-অবরোধ সমর্থকরা।
এদিকে লাগাতার অবরোধের বুধবার সকাল ৬টার দিকে জেলা শহরের মফিজ প্লাজার সামনে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে বিএনপির সহেযোগী সংগঠন ছাত্রদলের কর্মীরা। পুলিশ যাওয়ার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।
পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নয় জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
