গ্রন্থমেলায় ‘টেলিটক উৎসব’, ব্যাহত বইবিক্রি
অমর একুশে গ্রন্থমেলার ফটক উন্মুক্ত হওয়ার আগেই উৎসুকদের দীর্ঘ সারি; খুলতেই হুমড়ি খেয়ে পড়ার অবস্থা।
না, কোনো জনপ্রিয় লেখকের বই, কিংবা কোনো স্টল নয়। বর্ধমান হাউজের উত্তর কোণে টেলিটকের মোবাইল সিম বিক্রয় কেন্দ্রই যেন ‘আকর্ষণের কেন্দ্রবিন্দুতে’।
সোমবার এমন দৃশ্যই চোখে পড়ল শুরুতে। পঞ্চাশ টাকা মূল্যের সিম জনপ্রিয়তায় মেলার যেকোনো বইকে ছাপিয়ে গেছে।
প্রকাশক ও স্টলমালিকদের অভিযোগ, মেলায় কমমূল্যে টেলিটকের সিম কেনার সুযোগ পেয়ে থমকে দাঁড়াচ্ছেন বইপ্রেমীরা। ফলে ওই স্টলের চারিপাশের স্টলগুলোর বিক্রি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পাশের শব্দ শিল্প প্রকাশন এর স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আসলে টেলিটক মেলা হয়ে গেছে। বই কিনে না।”
সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে কারো কাছে অভিযোগ নিয়ে যাওয়া ঠিক মনে করেননি শামীম।
একই অভিযোগ করেন পাশের ঘাসফড়িংসহ অন্যান্য প্রকাশনা সংস্থার বিক্রয়কর্মীরও।
স্বল্পমূল্যের এই সিম কিনতে বইমেলার দর্শনার্থীরা যে হইচই রব ফেলে দিয়েছেন তার প্রমাণ পাওয়া যায় টেলিটকের ডেপুটি ম্যানেজার সঞ্জয় কুমার সরকারের বক্তব্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তিনি জানান, মেলার প্রথম সাতদিনে ৭০ হাজার আবেদন পেয়েছেন তারা। ইতোমধ্যেই প্রায় পাঁচ হাজার সিম গ্রাহকদের কাছে হস্তান্তর করেছেন তারা।
সিম বিক্রিকে কেন্দ্র করে বইয়ের স্টলের আশপাশে ভিড়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সঞ্জয় জানান, কিছুদিনের মধ্যে তারা মেলা ছাড়াও অন্যান্য বিক্রয় কেন্দ্রে এধরনের সিম সরবরাহ করার ব্যবস্থা করবেন।
দশম দিনে গ্রন্থমেলা
মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলার ১০ম দিনে নতুন ১২৫টি বই এসেছে। এছাড়া মোড়ক উন্মোচন করা হয়েছে ছয়টি বইয়ের।
নতুন আসা বইয়ের মধ্যে ১৭টি গল্প, ২৫টি উপন্যাস, ৭টি প্রবন্ধের বই, ৩৫টি কবিতার বই, একটি গবেষণা গ্রন্থ, একটি ছড়ার বই, দুটি শিশুসাহিত্য, চারটি জীবনী, তিনটি মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছে।
বিকালে মেলার মূল মঞ্চে জাতীয় নেতা শহিদ সৈয়দ নজরুল ইসলামের নব্বইতম জন্মবর্ষ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক মোহাম্মদ সেলিম ও ড. এম. অহিদুজ্জামান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মহিউজ্জামান চৌধুরী, বুলবুল মহলানবীশ, শারমিন সাথী ইসলাম, স্বর্ণময়ী মণ্ডল, প্রদীপ কুমার নন্দী, মো. হারুন অর রশীদ এবং মো. এরফান হোসেন।
