ফেনীতে বাসে পেট্রোল বোমায় দগ্ধ ৯
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে ফেনীতে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে অন্তত নয় জনকে দগ্ধ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দাগনভূঞা উপজেলার আমিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এরা হলেন- সুবজ (২৪), রাখাল চন্দ্র নাথ, বেলাল (৩০), আব্দুস সোবহান (৩২), আব্দুল মান্নান (৬০), মনির হোসেন (৩৪), মোহসেনা খাতুন (৫০), বেলাল হোসেন (৬৩), মিলন (৩০)।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে স্থানীয়রা নয়জনকে হাসপাতালে নিয়ে আসেন।
“পরে সুবজ ও রাখালকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
দগ্ধ মোহসেনা খাতুনের বরাত দিয়ে তার ছেলে কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনী থেকে যাত্রীবাহী একটি বাস নোয়াখালীর বসুরহাট যাওয়ার পথে দাগনভূঞার আমিরগাঁও এলাকায় দুটি পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা।
