ফেনীতে পেট্রোল বোমা হামলার ২ মামলা
দেশজুড়ে বিএনপির ডাকা অবরোধে পেট্রোল বোমা হামলার ঘটনায় ফেনীতে বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, গত রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজির দিঘী এলাকায় একটি কভর্ডভ্যানে পেট্রোল বোমা মারে পিকেটাররা। এতে কর্ভাডভ্যানের চালক মোহাম্মদ পারভেজ (৩৫) দগ্ধ হন।
এর পরদিন (সোমবার) মডেল থানার এসআই আইয়ুব বাদী হয়ে সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আহম্মেদ কোরেশীসহ বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এছাড়া গত শুক্রবার আরও একটি কর্ভাডভ্যানে দুবৃর্ত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালকের সহকারী বাচ্চু হাওলাদার দগ্ধ হন।
এতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজুলুর রহমান বকুল, জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকসহ বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত অনেকের বিরুদ্ধে অপর মামলাটি করা হয় বলে জানান ফেনী মডেল থানার এসআই শাহ আলম।
এ দুই মামলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।
