জয়পুরহাটে গৃহবধূ ‘খুন’
জয়পুরহাট শহরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার বিকালে শহরের আরাফাত নগর এলাকা থেকে সেমি আক্তারের (২২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
সেমি আক্তার ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
এ ঘটনার পর থেকে তার স্বামী লিটন মিয়া (৩২) পলাতক রয়েছেন। তিনি পাঁচবিবি উপজেলার আয়মা-বুধইল গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে লিটন।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
মামলার বরাত দিয়ে তিনি জানান, যৌতুকের কারণে লিটন প্রায় সময় তার স্ত্রী সেমি আক্তারকে মারপিট করতেন। সেমির বাবা যৌতুক দিতে না পারায় লিটন তার স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান।
নিহতের মা অফিয়া বেগম ও বড় বোন রিক্তা বলেন, ছয় মাস আগে লিটনের সঙ্গে সেমির বিয়ে হয়। বিয়ের পর থেকে লিটন যৌতুকের জন্য সেমিকে প্রায় মারধরসহ শারীরিকক ও মানসিক নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে সেমি এক পর্যায়ে বাবার বাড়ি শহরের আরাফাত নগরে চলে আসেন।
মঙ্গলবার বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে সেখানে গিয়ে সেমিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন লিটন।
