কক্সবাজারে ৯ লাখ টাকাসহ দুজন আটক
কক্সবাজার শহরে নয় লক্ষাধিক টাকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা মানব পাচারকারী চক্রের সদস্য বলে দাবি পুলিশের।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের আদর্শ গ্রামের মো. আলমগীর (৩৩) ও কক্সবাজার পৌরসভার পূর্ব পাহাড়তলী এলাকার ইউসুলের ঘোনা গ্রামের মো. ইদ্রিস (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, হুন্ডির মাধ্যমে নগদ টাকা নিয়ে দুই যুবক সিএনজিযোগে শহরের বাজারঘাটা থেকে রামু যাচ্ছে এমন খবর পেয়ে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি থামানো হয়। পরে আরোহী ২ জনকে তল্লাশি করে নগদ ৯ লাখ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক দুই যুবক মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
