২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১০ শিশুর মৃত্যু তদন্তে কমিটি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু তদন্তে একটি কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 05:40 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

সিলেট মেডিকেলে ১০ শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ

তিন সদস্যের এই কমিটিকে সরেজমিন পরিদর্শনের পর সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “একটি হাসপাতালে একদিনে এরকম মৃত্যুর হারকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

“যদি চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।”

ওই হাসপাতালে মঙ্গলবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১০ শিশুর সঙ্গে আরও ২২ জন রোগীর মৃত্যু হয়। এক্ষেত্রে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনেছেন রোগীদের স্বজনরা।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক সম্মেলনে থাকা অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী সিলেটের ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করেন।

“হাসপাতালে চিকিৎসায় কোনো অবহেলা চিহ্নিত হলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।”

৩২ জনের মৃত্যুর ঘটনায় কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা জানতে গঠিত কমিটির নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) মোশাররফ হোসেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, একসঙ্গে এত মৃত্যু তদন্তে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষও একটি কমিটি করেছে।

এই প্রসঙ্গে তিনি বলেন, “হরতাল-অবরোধের কারণে রোগীরা যথাসময়ে হাসপাতালে যেতে পারছে না। অনেক সময় ক্ষেপণে রোগের জটিলতা বাড়ার পর করে যখন রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছে, তখন চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে পড়ে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক মৃত ৩২ জনের রোগের একটি পরিসংখ্যান তুলে ধরেছেন।

এতে দেখা যায়, জন্মকালীন শ্বাসগত সমস্যার কারণে ৪, মায়ের অপুষ্টিজনিত কারণে ৩, পরিপাকতন্ত্রের জটিলতায় ১ নবজাতক, ডায়রিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়ায় ২টি শিশু মারা যায়।

সিলেটের একটি গ্রামের মারামারির ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ৫ জন মারা যান। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৪ জন, হার্ট অ্যাটাকে ৩ জন, কার্ডিয়াক ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জন, ফুসফুসজনিত রোগ ও যক্ষ্মায় ১, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসজনিত জটিলতায় ১, অজ্ঞাত বিষক্রিয়ায় ১, অ্যানসেফেলাইটিসে ১ এবং সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আবদুস সালাম জানান, ২৪ ঘণ্টায় ২১ নম্বর ওয়ার্ডে দুই, ২২ নম্বরে পাঁচ এবং গাইনি ওয়ার্ডে বাকি তিনজন মারা যায়।

মৃত শিশুরা হল- সিলেটের গোয়াইনঘাটের সায়মা (দেড় বছর), জকিগঞ্জের দশগ্রামের আকাশ (সাত দিন), সুনামগঞ্জ সদরের তাজরিয়া (সাড়ে তিন বছর), মেহেদী (আড়াই মাস), ছাতকের শাফরাজ (তিন বছর), বিশ্বম্ভরপুরের নাদিনা (ছয় মাস), হবিগঞ্জের ইয়াসমিন (তিন দিন) এবং নগরীর শেখঘাটের নিলুফার নবজাতক মেয়ে, শাহপরাণ এলাকার আসমা ও সুনামগঞ্জের তাহিরপুর এলাকার সন্ধ্যা রাণীর নবজাতক মেয়ে।

সালাম দাবি করেন, “জন্মগত জটিলতা, মারাত্মক সংক্রমণ, অপুষ্টি ও নিউমোনিয়ার কারণেই শিশুগুলোর মৃত্যু হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু।”

তবে স্বল্প সময়ের ব্যবধানে এতগুলো শিশুর মৃত্যুর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অন্যান্য রোগী এবং মৃত শিশুদের স্বজনরা বলছেন, চিকিৎসায় অবহেলার কারণেই এসব শিশুর মৃত্যু হয়েছে।

নবজাতক সন্তানকে হারানো সন্ধ্যা রানীর স্বামী রানা পাল বলেন, “হাসপাতালের নার্স ও কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুগুলো মারা গেছে।

“ভর্তির পর শিশুর ঠিকমতো পরিচর্যা করেননি ডাক্তার-নার্সরা। স্বজনরা রোগীদের অবস্থা জানাতে নার্স ও চিকিৎসকদের কাছে গেলে তারা দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন।”

স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকেও সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।