২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুল হক বাদশার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

এক শোক বাণীতে রাষ্ট্রপতি প্রয়াতের স্মৃতিচারণ করে বলেন, “আমরা বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে স্বাধীনতা পূর্বকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তার সাংগঠনিক ক্ষমতা তৎকালীন ছাত্র আন্দোলনকে বেগবান করেছিল।”

তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক এবং দক্ষ সংগঠককে হারাল, বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আমিনুল হক বাদশার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

যুক্তরাজ্যে বসবাসরত বাদশা সোমবার মারা যান। তিনি দীর্ঘদিন হৃদরোগের জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার এক ছেলে, মেয়ে ও স্ত্রী রয়েছে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বাদশা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ষাটের দশকের প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে পড়ার সময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি সাংবাদিকতাও করতেন তিনি।

পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক) হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আমিনুল হক বাদশা।