রাজধানীতে নাশকতায় গ্রেপ্তার ২২
রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।
বিএনপির ডাকা হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সর্ম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।
এদের মধ্যে পাঁচ জন জামায়াত-শিবিরের এবং ১৭ জন বিএনপির নেতাকর্মী বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।
নাশকতার এসব ঘটনায় আগুনে পুড়ে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
