২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রেস সচিব বাদশার জীবনাবসান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব আমিনুল হক বাদশা আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 02:02 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে লন্ডনের ওরপিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন হৃদরোগের জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদশা। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার এক ছেলে, মেয়ে ও স্ত্রী রয়েছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমিনুল হক বাদশা ছিলেন জাতির পিতার অত্যন্ত আপনজন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক নাগরিককে হারাল।”

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বাদশা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ষাটের দশকের প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে পড়ার সময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি সাংবাদিকতাও করতেন তিনি।

পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক) হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আমিনুল হক বাদশা।

ঊনসত্তরে সামরিক শাসক আইয়ূববিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। এ সময় কারাবরণও করতে হয় তাকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর ১৯৬৯ সালে তার প্রেস সেক্রেটারির দায়িত্ব পান বাদশা।

১৯৭৫ সালের ১৫ অগাস্টে একদল সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান তিনি।

Image
সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর সঙ্গে আমিনুল হক বাদশা

সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর সঙ্গে আমিনুল হক বাদশা

লন্ডনে বিভিন্ন বাংলা সংবাদপত্রে নিয়মিত কলাম লেখা ছাড়াও শেষ বয়সে ফ্রিল্যান্স সাংবাদিকতা করতেন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

নব্বইয়ের দশকে লন্ডনে নতুন দিন পত্রিকায় ‘বাদশাহী দরবার’ নামে নিয়মিত কলাম লিখতেন।

১৯৭৪ সালের এপ্রিল থেকে ১৯৭৫ সালের অগাস্ট পর্যন্ত লন্ডনে ‘প্রবাসী’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন বাদশা। পরবর্তীতে তিনি লন্ডনে সাপ্তাহিক নতুন দিন, জনমতসহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন।

বাংলাদেশের দৈনিক বাংলার বাণী, দৈনিক বাংলা ও কলকাতার দৈনিক আজকাল- এর লন্ডন প্রতিনিধির দায়িত্ব পালন করেন বাদশা।

আমিনুল হক বাদশার পাঁচটি বই রয়েছে। ‘অ্যা কাইন্ড অব ইংলিশ’ নামে একটি ফিল্মসহ কয়েকটি প্রামাণ্য চিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৪২ সালের ২৮ জানুয়ারি কুষ্টিয়া শহরের কোর্ট পাড়ায় জন্মগ্রহণ করেন বাদশা।

কুষ্টিয়া মুসলিম হাই স্কুল, কুষ্টিয়া হাই স্কুল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। পরে লন্ডনে সোশ্যাল ওয়ার্কের ওপর ডিপ্লোমা নেন তিনি। টাওয়ার হ্যামলেটসে একজন সমাজকর্মী হিসেবে পরিচিতি রয়েছে তার।

আমিনুল হক বাদশার সাংবাদিকতায় হাতে খড়ি হয় ১৯৫৭ সালে, দৈনিক আজাদ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসাবে।