সাভারে যাত্রীবাহী বাসে ধর্ষণচেষ্টা, আটক ২
রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যেও ঢাকার সাভারে ফের চলন্ত বাসে দুই নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বাসের চালক মাসুদ (৩০) ও তার সহকারী সাদ্দাম হোসেন (২৮)।
সোমবার সকালে সাভার মডেল থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দুই নারী যাত্রী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাভারের হেমায়েতপুর থেকে শুকতারা পরিবহনের একটি বাসে উঠে।
বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর পার হওয়ার পর চলন্ত অবস্থায় চালকের দুই সহযোগী বাসে থাকা ওই দুই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ওই দুই নারী বাস থেকে লাফিয়ে পড়লে মহাসড়কে হরতাল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বাসটিকে ধাওয়া করে দুই জনকে আটক করে। তবে অপর একজন পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহ্জাতে পাঠায়।
এর আগেও সাভারে একটি চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাস থেকে লাফিয়ে পড়ে মারা যায় এক গৃহবধু। আহত হয় তার স্বামী।
