২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে শ্রমিকলীগ নেতার রগ কাটল শিবির

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা জাতীয় শ্রমিক লীগের এক নেতার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 11:48 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

পলাশবাড়ী উপজেলা সদরের কালীবাড়ী বাজার এলাকায় সোমবার রানা সরকারের (৩৫) উপর হামলার ঘটনা ঘটে। তিনি গাইবান্ধা সদর উপজেলার কোমরনই গ্রামের ফুল মিয়ার ছেলে।

তার বাড়ি পলাশবাড়ী উপজেলা সদরের গৃধারীপুর এলাকায়। পুলিশের সোর্স হিসেবেও তিনি কাজ করতেন।

রানার দলীয় পরিচয় পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ের জানান, সোমবার সকাল ১০টার দিকে কালীবাড়ী বাজারের উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরের পাশে উদয় সাগর এলাকায় একটি সেলুনে গেলে জামায়াত-শিবিরের ক্যাডাররা তার উপর হামলা চালায়।

পরে তার দুই পা ও ডান হাতের রগ কেটে দ্রুত চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

রানাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মজিবুর জানান, পুলিশেকে বিভিন্ন কাজে সহায়তা করার জন্য এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।