খামারে আগুন, ভস্মীভূত হাজার মুরগি
গোপালগঞ্জ সদরে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি খামারের অন্তত এক হাজার মুরগি পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার কাজুলিয়া ইউনিয়নের শেওড়াবাড়ী গ্রামে প্রকাশ ভক্তের খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামারী প্রকাশ ভক্ত দাবি করছেন।
খামারের মালিক প্রকাশ ভক্ত বলেন, রাত ১০টার দিকে খামারে আগুন লাগার পর লোকজনের চিৎকার শুনে তিনি সেখানে ছুটে যান। কিন্তু তার আগেই খামারের সব মুরগি আগুনে পুড়ে যায়।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পূর্ব শত্রুতা জের ধরে তার খামারে আগুন দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে, কারও নাম বলেননি তিনি।
“শত্রুর দেওয়া আগুনে আমার সর্বস্ব পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।”
তার দাবি, এক হাজার মুরগি, মালামাল ও ঘরসহ তার অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
গোপালগঞ্জ থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, পূর্ব শত্রুতার জেরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত প্রকাশ ভক্ত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
