পেট্রোল বোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু
সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন রাজশাহীতে পেট্রোল বোমায় দগ্ধ এক ট্রাক চালকের সহকারী।
সোমবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম বিশুর (৩৮) মৃত্যু হয়।
শহিদুল রাজশাহীর পবা উপজেলার মোল্লার ডাইং এলাকার ইয়াসিন আলীর ছেলে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে গত ২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন শহিদুল ইসলাম বিশু। এ সময় ট্রাক চালক সাইদুর রহমানও দগ্ধ হন।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, পেট্রোল বোমায় শহিদুলের শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান।
ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
বিশুর চাচাত ভাই ইলিয়াস বলেন, বিশুর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর এ পর্যন্ত দগ্ধ হয়ে এবং হামলায় অর্ধশতাধিক নিহত হয়েছেন।
