হাই কোর্টে নতুন ১০ বিচারক
আরও ১০ জন বিচারক পেল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ।
নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- তিন জেলা জজ এসএম মুজিবুর রহমান, মো. আমীর হোসেন ও মো. ফরিদ আহমেদ শিবলী।
এদের মধ্যে এসএম মুজিবুর রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারক ছিলেন।
ফরিদ আহমেদ শিবলী চলমান ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে আসেন। এর আগে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।
চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী এখন হাই কোর্টে বিচারকের দায়িত্ব পালন করবেন।
এছাড়া সুপ্রিম কোর্টের তিন আইনজীবী খিজির আহমেদ, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী ও মো. ইকবাল কবির লিটন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।
লিটন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আইনজীবী হিসাবে বিভিন্ন জনস্বার্থ মামলা আইনজীবী হিসাবে পরিচালনা করেন।
আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান সোমবার এই নিয়োগের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বর্তমানে ৮৭ জন বিচারক রয়েছেন। যাদের মধ্যে দুইজন অস্থায়ী বিচারক। বাকিরা স্থায়ী। অন্য দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে সাত জন বিচারক রয়েছেন।
আওয়ামী লীগ সরকারের এই মেয়াদে এটিই প্রথম বিচারক নিয়োগ। গত মেয়াদে মোট ৫০জন অতিরিক্ত বিচারক নিয়োগ পেয়েছিলেন।
মেয়াদ না হওয়ায় যাদের দুইজন এখনো অতিরিক্ত বিচারক রয়েছেন, চলতি বছরের অগাস্টে যাদের মেয়াদ দুই বছর হবে। তবে অতিরিক্ত বিচারকের মেয়াদ পূর্তির পর একজন বাদ পড়েছেন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ পাওয়া দুই বিচারককে স্থায়ী করে বর্তমান সরকার।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের ৯৬-২০০১ আমলে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পেয়ে পরে বিএনপির আমলে বঞ্চিত ১০ জনকে আপিল বিভাগের রায়ের আলোকে গত মেয়াদে হাই কোর্টে ফিরিয়ে আনা হয়। এর বাইরে বঞ্চিত আরও একজনকে নিয়োগ দেওয়া হয়।
প্রধান বিচারপতিসহ বর্তমানে আপিল বিভাগে থাকা সব বিচারকই বর্তমান সরকারের আমলে আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন।
