২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেশন আইনের আবশ্যকতা যাচাইয়ে নির্দেশনা

সরকারি কর্পোরেশন (ব্যবস্থাপনা-সমন্বয়) আইনের আবশ্যকতা যাচাইয়ে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মন্ত্রিসভার বৈঠকে যুগোপযোগী করতে উত্থাপিত ‘সরকারি করপোরেশন (ব্যবস্থাপনা-সমন্বয়) আইন, ২০১৫’ এর খসড়া নীতিগত অনুমোদনের না দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এ আইনের আদৌ আবশ্যকতা আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। আইনটি পর্যালোচনার জন্য অর্থমন্ত্রীসহ ছয়জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন অনেকগুলো কর্পোরেশন রয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত এসব কর্পোরেশনগুলোর কাজের সমন্বয় ও সামঞ্জস্যের জন্য ‘পাবলিক কর্পোরেশন ম্যানেজমেন্ট-কোঅর্ডিনেশন অর্ডিন্যান্স, ১৯৮৬’ প্রণয়ন করা হয়।

“সামরিক শাসনামলের আইন পর্যালোচনা করে বাংলায় প্রণয়ন করে মন্ত্রিসভায় নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে। এ প্রক্রিয়ায় এ খসড়া মন্ত্রিসভা বৈঠকে এসেছে,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।

“ওই আইনের আওতায় অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নিয়ে একটি পরিষদও গঠন করা হয়েছিল। নতুন আইনে বস্ত্র ও পাটমন্ত্রীকে এ পরিষদে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।”

“আইনটির উদ্দেশ্য ভালো হলেও বাস্তবে এর প্রয়োগ হয়নি। পরিষদ সর্বশেষ কবে মিটিং করেছে, তা তাৎক্ষণিকভাবে এ তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি। তাই আইনটি বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কার্যকর এটা বলা যাবে না।”

মন্ত্রিপরিষদ সচিব, ১৯৮৬ সালের এর দিকে কর্পোরেশনগুলো যতটা কার্যকর ছিল, এখন সে তুলনায় কার্যক্রম কমে গেছে। কারণ প্রাইভেট সেক্টর আগের তুলনায় অনেক প্রসার লাভ করেছে।

বর্তমানে কর্পোরেশনগুলোর জন্য আলাদা আলাদা আইন আছে ও নিজ নিজ মন্ত্রণালয়ের নির্দেশনায় এগুলো পরিচালিত হয়।

সমন্বয়ের কথা বলা হলেও আইনটি সেভাবে কাজ করেনি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।