২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী নির্মল শর্মা মারা গেছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র শর্মা মারা গেছেন।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রোববার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ‍হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নির্মল চন্দ্র শর্মা (৬৬)  বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনে প্রয়াত এই মুক্তিযোদ্ধাকে মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী আইনজীবী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে নগরীর বেলুয়ার দীঘি শশ্মানে তাকে দাহ করা হয়। নির্মল চন্দ্র শর্মা চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের বাসিন্দা ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র শর্মা সারাজীবন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার ছিলেন।

ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় নির্মল শর্মা রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। ওই মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডাদেশ হয়।

সোমবার চট্টগ্রাম আদালত ভবনে প্রয়াত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণা দাশগুপ্ত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আ ক ম সিরাজুল ইসলাম, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহম্মদ প্রমুখ।

নির্মল চন্দ্র শর্মার মৃত্যুতে শোক জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি কে এম সফিউল্লাহ বীর উত্তম ও সাধারণ সম্পাদক হারুন হাবীব ও ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী বেদারুল আলম চৌধুরী বেদার।

শোক জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এ এ সালাম ও ড. জিনবোধি ভিক্ষু।