২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম নীতি তৈরী সহায়তায় নতুন অধিদপ্তর

ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বিভিন্ন নীতি তৈরীতে পেশাগত ও কারিগরি পরামর্শ ও সহায়তা দিতে নতুন একটি অধিদপ্তর সৃষ্টির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 02:42 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ডাক ও টেলিযোগযোগ বিভাগের অধীনে টেলিযোগযোগ অধিদপ্তর সৃজনের প্রস্তাব’ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন নীতি তৈরিতে পেশাগত ও কারিগরি পরামর্শ ও সহায়তা দেবে এই অধিদপ্তর।

টেলিযোগযোগ অধিদপ্তরের ২১টি কার্যপরিধি রয়েছে জানিয়ে তিনি বলেন, “সাধারণত কোনো অধিদপ্তর সৃজনের বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হয় না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের বিষয় হওয়াতে এটি মন্ত্রিসভায় উপস্থাপিত হয়।”

১৯৭৯ সালের বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড অধ্যাদেশের মাধ্যমে বিটিটিবি বোর্ড গঠন করা হয়েছিল। ২০০৮ সালে ওই অধ্যাদেশে দুটি ধারা সংযোজন করে বিটিটিবিকে বিলুপ্ত করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) নামে দুটি কোম্পানি গঠন করা হয়।

এর ফলে বিটিটিবিতে কর্মরত বিসিএস টেলিকম ক্যাডার ও অন্যান্য পদে বাধ্যতামূলকভাবে প্রেষণে বিটিসিএল ও অন্যান্য প্রতিষ্ঠানে এ নিয়োগ দেওয়া হয়।

বিসিএস টেলিকম ক্যাডাররা বাধ্যতামূলকভাবে প্রেষণে বিটিসিএলে নিয়োগে আপত্তি এবং অন্য ক্যাডারে যাওয়ার জন্য মামলা করে।এর ফলে জটিল পরিস্থিতি তৈরী হয়।

অধিদপ্তর সৃষ্টির এই প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এ সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বললে তারা টেলিযোগাযোগ অধিদপ্তর সৃষ্টিসহ কয়েকটি সুপারিশ করে।

“বিসিএস টেলিকম ক্যাডারের পদগুলো টেলিযোগযোগ অধিদপ্তর গঠনের পর সেখানে ন্যস্ত হবে। টেলিযোগযোগ অধিদপ্তরের স্থায়ী পদ হবে ২৩৮টি এবং কিছুপদ পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যাবে।”

বিভিন্ন পদে যারা রয়েছে তারা অবসরে গেলে তাদের পদ পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যাবে বলে মোশাররাফ হোসাইন জানান। এ রকম পদ রয়েছে ৭ হাজার ৫৩৬টি।

টেলিযোগযোগ অধিদপ্তরে ৮১টি প্রথম শ্রেণির পদ থাকবে এবং এর প্রধান হবেন একজন মহাপরিচালক।

এ অধিদপ্তর গঠন হওয়ার পর বিসিএস টেলিকম ক্যাডার ও অন্যান্য পদে নিয়োগ নিয়ে যে সমস্যা মামলা চলছে,তা সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।