ঢাকার মিরপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মিরপুরের কালশি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে কালশি নতুন রাস্তার কাছে একটি মোটরকার ওয়ার্কশপের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
ক্যান্টনমমেন্ট থানার এসআই বেনজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন তারা।
নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৩ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা বেনজির বলেন, “যুবকের ডান কানের ওপরে একটি ছিদ্র (গুলির চিহ্ন) রয়েছে। নিহতের পরনে ঘিয়ে রঙের প্যান্ট, চেক শার্ট, ছাই রংয়ের জ্যাকেট এবং পায়ে কালো জুতা রয়েছে।”
নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
