২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 10:29 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারত মহাসাগরীয় প্রতিবেশী দেশটির চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আহমেদ সিয়াম।

রোববার সন্ধ্যায় মালদ্বীপের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি দু্ই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।”

বাংলাদেশ বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বল্পমূল্যে মালদ্বীপের নৌ-বাহিনী ও কোস্ট গার্ড বাংলাদেশ থেকে তাদের প্রয়োজনীয় ছোট জাহাজ বানিয়ে নিতে পারে।

জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন মালদ্বীপ সফরের কথাও আবদুল হামিদ প্রতিনিধি দলকে জানান।

মেজর জেনারেল সিয়াম বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা সপ্তাহে দু’দিন ঢাকা-মালে ভায়া চেন্নাই সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।