ভাইকে খুঁজতে যেতে পেট্রোল বোমায় প্রাণ হারালেন সুমন
"তোমরা হামার ছোলোক আনি দ্যাও। ছোলট্যা হামার ছোট ভাইকে খুঁজবার জন্যে চিটাগাং যাবার নাগছিল। কেটা হামার ছোলট্যাক মারি ফ্যালাল। এখন হামার কী হবে বাবা?”
ছেলের জন্য আহাজারি করছিলেন গাইবান্ধায় পেট্রোল বোমায় নিহত সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের সুমন মিয়ার (২২) মা মজিদা বেগম। ওই সময় সুমনের বাবা শাহাজান আলী নির্বাক চোখে দাঁড়িয়ে দেখছিলেন স্ত্রীর আহাজারি।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ সদস্যের সংসার চলত সুমনের রোজগারের টাকায়। দুই ভাই ও এক বোনের মধ্যে সুমন সবার বড়। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। দুই সপ্তাহ আগে বাড়িতে আসেন।
তার বাবা শাহাজান আলী জানান, বাবা-মার সঙ্গে রাগ করে সুমনের ছোট ভাই সুজন তিন দিন আগে বাড়ি থেকে চলে যায়। সুজন এখন চট্টগ্রামে আছে এই খবর পেয়ে ছোট ভাইকে খুঁজতে যাবার পথে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান সুমন।
শুক্রবার রাত ১১টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলকায় একটি বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে আট জন নিহত হন।
