পলাশবাড়ীতে গুলিবিদ্ধ শিবির নেতা গ্রেপ্তার
অবরোধ ও হরতালে সড়কে পিকেটিং করার সময় গাইবান্ধার পলাশবাড়ীতে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোবাবার সন্ধ্যায় উপজেলার ঢোলভাঙ্গার অদূরে ভেকিরপুল এলাকা থেকে আইয়ুব আলীকে (২২) গ্রেপ্তার করা হয়।
আইয়ুব মহদীপুর ইউনিয়ন শিবিরের সেক্রেটারি ও ফরহাদকান্দাপুর গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে পলাশবাড়ী থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে আইয়ুব আলীর নেতৃত্বে কয়েকজন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ভেকিরপুল এলাকায় পিকেটিং করছিল।
এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ছুড়লে আইয়ুব আলীর পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তিনি পার্শ্ববর্তী একটি পুকুরে লাফিয়ে পড়েন।
অন্যরা পালিয়ে গেলেও পরে স্থানীয়দের সহয়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মজিবুর।
