২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিগগিরই নৈরাজ্য থেকে জাতি মুক্ত হবে’

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে চলমান সহিংসতা থেকে শিগগিরই জাতি মুক্ত হবে বলে আশ্বস্ত করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার রংপুরে তিনি সাংবাদিকদের বলেন, “দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সাধারণের হাত যেখানে পৌঁছাবে না, আমাদের হাত সেখানে পৌঁছবে।

“শিঘ্রই জনগণের সহযোগিতায় নৈরাজ্যকর অবস্থা থেকে জাতিকে মুক্ত করা হবে।”

যানবাহনে বোমা মেরে, আগুন দিয়ে মানুষ হত্যা করা জঙ্গিবাদীদের কাজ বলে মন্তব্য করেন তিনি।

“একাত্তর সালেও তারা মানুষ পুড়িয়ে মেরেছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি।

“সেই স্বাধীন দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের তৎপরতা থাকতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে প্রক্রিয়া আমরা শুরু করেছি,” বলেন বেনজীর। 

র‌্যাব ডিজি বলেন, একসময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের তৎপরতা বেড়েছিল। সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নেয়নি। জনগণের সহযোগিতায় সেটা মোকাবেলা করা হয়। এবারও দেশের মানুষ সহিংস নাশকতাকে মেনে নিচ্ছে না।

তিনি বলেন, ভিন্ন মতবাদ থাকতে পারে, ভিন্ন মতভেদ থাকতে পারে পারে। কিন্তু দেশটা সবার। দেশের মানুষকে নিরাপদে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

সকলের সহযোগিতা থাকলে দেশের মানুষ শান্তিতে থাকবে। সবার সন্তান নিরাপদে থাকবে বলে তিনি মনে করেন।

বিকালে রংপুর পুলিশ অফিসার্স ক্লাব চত্বরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এর আগে তিনি র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন পরিদর্শন করেন। 

এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, বিজিবি উত্তর-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার মাহফুজুর রহমান, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ও র‌্যাব-১৩ এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াত উপস্থিত ছিলেন।