খুলনায় পেট্রোল বোমাসহ ৫ শিবির নেতাকর্মী গ্রেপ্তার
খুলনা শহরের খানজাহান আলী সড়ক এলাকার একটি মাদ্রাসা থেকে চারটি পেট্রোল বোমাসহ ইসলামী ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান।
এসময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রপন্থী বইসহ শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার স্বাক্ষরিত চাঁদার রশিদ উদ্ধার করা, যেগুলো ৫০০ ও এক হাজার টাকার রশিদ।
গ্রেপ্তাররা হলেন- আলিয়া মাদ্রাসা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আসাদুজ্জামান (২৩), সাধারণ সম্পাদক আবু সালেহ, অর্থ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ (২৩) এবং শিবিরের সাথী মো. ইসমাইল হোসেন (২৩) ও কর্মী আল মামুন (২৩)।
উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার জন্যে আলিয়া মাদ্রাসায় পেট্রোল বোমা রাখার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর থানা পুলিশ।
“এসময় মাদ্রাসার পুরাতন হোস্টেলের ২২০ ও ২২২ নম্বর কক্ষ থেকে শিবিরের ওই পাঁচ জনকে আটকসহ চারটি পেট্রোল বোমা, উগ্রপন্থী বই ও চাঁদার রশিদসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।”
