পিরোজপুরে বৃদ্ধকে কুপিয়ে খুন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
ভাণ্ডারিয়া থানার ওসি আবু জাহিদ জানান, শনিবার রাত সাড়ে ৯টায় তেলিখালী বন্দরের মাদার্শী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমির আলী গাজী (৬০)। জমি নিয়ে বিরোধে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মাতুব্বর জানান, মাদার্শী বাজার সংলগ্ন মাদ্রাসার কাছে আমির আলীর ওপর হামলা হয়।
“আহত অবস্থায় স্থানীয়রা আমিরকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুল জানান, পাঁচ কাঠা জমি নিয়ে আমির আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুর রবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে মামলাও রয়েছে।
পুলিশ হত্যাকারীদের ধরার চেষ্টা করছে বলে ভাণ্ডারিয়ার ওসি জানান।
