বগুড়ায় পেট্রোল বোমায় দগ্ধ একজনের মৃত্যু
বিএনপি জোটের অবরোধের মধ্যে বগুড়ার শাহজাহানপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে হামলায় দগ্ধ ট্রাক চালকের সহকারী আশিক শেখ (৩৫) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজীউর রহমান জানান, উপজেলার রুবিরহাট এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে চালক মোস্তফা (৪২), তার সহকারী আশিক ও দুই কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর (৪০) ও আজিজ (৪৫)দগ্ধ হন।
তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে আশিক মারা যান।
খালি ট্রাকটি নাটোর থেকে বগুড়া যাওয়ার পথে অবরোধ সমর্থকদের হামলার মুখে পড়ে বলে শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান।
এর আগে শুক্রবার রাতে গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ছয় জন এবং শনিবার ভোরে বরিশালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় তিনজনের মৃত্যু হয়।
এক মাসের বেশি সময় ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে যানবাহনে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।
