ঢাকায় বোমা ফাটিয়ে পালানোর সময় গুলিতে আহত ২
বিএনপি জোটের অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তানে বঙ্গবাজার মার্কেটের সামনে হাতবোমা ফাটিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন।
আহত আবদুর রহমান (৩০) ও মো. মোমেন ওরফে মামুনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবাজারের সামনের এলাকায় এ ঘটনার পর দুইজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
আবদুর রহমানের ডান পায়ে ও মোমেনের বাঁ পায়ে একটি করে গুলি লেগেছে।
পরিদর্শক মোজাম্মেল বলেন, “রহমান ও মোমেন সন্ধ্যায় বঙ্গবাজারের সামনে মোটর সাইকেল নিয়ে এসে দুটো হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুলি ছুড়লে তারা আহত হন এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।”
অবরোধের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি চলছে। এছাড়া পেট্রোল বোমা মেরে বিভিন্ন বাসে আগুন ধরানোয় পুড়ে মারা গেছেন অর্ধ শতাধিক মানুষ।
