গোপালগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে ‘পেট্রোল বোমা’ হামলা
বিএনপি জোটের অবরোধ-হরতালে সারাদেশে যানবাহন লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার মধ্যে আক্রান্ত হয়েছে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার বাড়ি।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাস্টারের বাড়িতে শুক্রবার রাতে পেট্রোল বোমা হামলা হয় বলে তিনি দাবি করেছেন।
তবে ছুড়ে মারা বস্তুটি পেট্রোল বোমা কি না, তা নিয়ে সন্দিহান পুলিশ। কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “বোতলে কেরোসিন ঢেলে ফিতায় আগুন লাগিয়ে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ভাদুলিয়া গ্রামে রউফের বাড়ির দরজায় ‘পেট্রোল বোমা’ ছোড়ার পর কপাটে থাকা একটি গামছায় আগুন ধরে যায়। তবে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন নিভিয়ে ফেলায় কোনো ক্ষতি হয়নি।
আওয়ামী লীগ নেতা রউফ বলেন, “রাত ৯টার দিকে আমার ঘরের দরজায় একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।”
এজন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, তারা এখন গুপ্ত হামলা শুরু করেছে।
প্রধানমন্ত্রীর জেলায় আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে এমপির কার্যালয়ে হামলা
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের শহরের পাঠান পাড়ার কার্যালয়ে শনিবার সকালে বোমা হামলা চালায় দুষ্কৃতকারীরা।
এতে ওই কার্যালয়ের দ্বিতীয় তলার একটি ঘরের আসবাবপত্র পুড়লেও কেউ হতাহত হননি বল সদর থানার ওসি জসিম উদ্দীন জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, সকাল পৌনে ৭টার দিকে দুষ্কৃতিকারীরা ওদুদের কার্যালয়ে বোমা নিক্ষেপ করে। এতে দ্বিতীয় তলার একটি ঘরের আসবাবপত্র পুড়ে যায় এবং জানালার কাচ, লোহার গ্রিল ও জানালার পর্দা বাড়ির বাইরে ছিটকে পড়ে।
ওই সময় একজন কর্মচারী বাড়ির নিচ তলায় ছিলেন। সংসদ সদস্য ছিলেন না।
আওয়ামী লীগের সংসদ সদস্য ওদুদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জ শহর তুলনামূলকভাবে শান্ত ছিল। পরিস্থিতি অশান্ত করতে দুষ্কৃতিকারীরা এ বোমা হামলার ঘটনা ঘটায়।”
