বরিশালে জীবন্ত দগ্ধ আরও তিনজন
গাইবান্ধায় রাতে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় পাঁচ বাসযাত্রী নিহত হওয়ার পর ভোরে বরিশালের গৌরনদীতে ট্রাকে একই ধরনের হামলায় তিনজন নিহত হয়েছেন।
জেলার পুলিশ সুপার এ কেম এম এহসান উল্লাহ জানান, পোল্ট্রি খাবারবাহী ট্রাকটি ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে গৌরনদীর মাহিলারা এলাকায় বাটাজোর বাজারের কাছে আক্রান্ত হয়।
পেট্রোল বোমায় ট্রাকে আগুন ধরে গেলে চালক ও তার সঙ্গে থাকা আরও দুইজন নিহত হন বলে জানান তিনি।
তাৎক্ষিণভাবে তাদের পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এক মাস ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে যানবাহনে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।
