২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস ও বিএনপির কর্মকাণ্ডে তফাৎ নেই: হাসিনা

ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মকাণ্ডের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 09:01 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের কর্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি বলেন, “খালেদা জিয়া ও জামায়াতের কর্মকাণ্ড এবং আইএসের কর্মকাণ্ডে কোনো পার্থক্য দেখি না।”

জর্ডানের এক পাইলটকে খাঁচায় বন্দি অবস্থায় আগুন দিয়ে হত্যা করার বিয়টি উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “পেট্রোল বোমা তৈরি করতে অনেক টাকা লাগে। খালেদা জিয়া এতো টাকা খরচ করে মানুষ মারছে।”

গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় মাসব্যাপী অবরোধের মধ্যে হরতাল দিয়ে যানবাহনে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ওনার হিতাহিত জ্ঞান চলে গেছে। উন্মাদের পর্যায়ে চলে গেছে।”

সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের কল্যাণ ও নিরাপত্তায় যে পদক্ষেপ নেওয়ার তা নেব। এজন্য দেশবাসীর সহযোগিতা ও সমর্থন আমার একান্তভাবে প্রয়োজন।”

এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল বা অবরোধের মতো কর্মসূচি না থেকে বিরত থাকারও আহ্বানও জানান শেখ হাসিনা। 

“১৫ লাখ পরীক্ষার্থীর জীবন ধ্বংস করবেন না। পরীক্ষার্থীদের যেন আতংক নিয়ে পরীক্ষা দিতে না হয়। তারা শান্তি মতো পরীক্ষা দিক। পরীক্ষার সময় ডিসটার্ব করবেন না।”

বিএনপি জোটের হরতাল অবরোধের জন্য দুই দফা পেছানো পর শুক্রবার এসএসসি পরীক্ষা শুরু হয়, যদিও এদিন কয়েক বিভাগে ছাত্রদলের হরতাল রয়েছে।

প্রধানমন্ত্রী বিএনপি জোটকে শিশুদের কথা বিবেচনা করে এসব কর্মসূচি পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, “এখন ক্ষান্ত দেন; পরে আবার শুরু করেন।”

বিরোধী রাজনৈতিক জোটের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন শেখ হাসিনা।

‘সন্তানকে পুড়ে মরতে দেখার অনুভূতি খালেদা জিয়ার নেই’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “এই জল্লাদের দরবারে অরণ্য রোদনের লাভ নেই।”

তিনি বলেন, “এই পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য জনগণকে রুখে দাঁড়াতে হবে। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই- তা কীসের আন্দোলন?”

আর কত লাশ পেলে খালেদা জিয়া তৃপ্ত হবেন- প্রশ্নও রাখেন শেখ হাসিনা।

সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমি নিজে টেলিফান করে অপমানিত হয়েছি। যারা আতেল, এতো টক’শো করেন, তত্ত্ব কথা বলেন- তাদের এভাবে অপমানিত করলে, তারা কী আর কথা বলতো?”

খালেদা জিয়াকে ‘কঠিন মা’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “নিজের ছেলের লাশ বাসায় নিলেন না। দোয়া-খায়ের করবেন, তা নয়। লাশ নিয়ে আসার ১৫ মিনিট পর উনি নামলেন।”

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ড. কামাল, মাহমুদুর রহমান মান্না ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বৈঠকের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “ছেলে মারা যাওয়ার পর কোথায় উনি একটু দোয়া কালাম পড়বেন। উনার চেহারা দেখে মনে হলো, উনি হিরোইনের মতো সেজে আসলেন।”

“যার নিজের ছেলের শোকই নেই- তিনি মানুষের কষ্ট বুঝবেন কী করে?”

শেখ হাসিনা বলেন, “ওনার ছেলে মারা গেল; আমি সমবেদনা জানাতে গেলাম; গেট বন্ধ করে রাখল; ওখানে কী কোনো ভদ্রলোক ছিলো না আমাকে একটু ভেতরে বসতে দেওয়ার?”

“কেমন মা উনি? অসুস্থ ছেলেকে দেখতে গেছেন? দশটা দিন ছেলের সাথে কাটিয়েছেন? নাতিপুতিকে দেখতে গেছেন?”

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “সিঙ্গাপুরে গেলেন। তাও তো অন্য কাজে। প্রথম দিনে তো দেখাই হয়নি। দোকানে দোকানে ফালু হুইল চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে।”

“ওই ছবিও আছে। কারো লাগলে দিতে পারি।”

রাত সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠকে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ফুটবল দল ফাইনালে ওঠায় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ছেলেরা চমৎকার খেলেছে।”

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি’র সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয়।”

তিনি বলেন, “কঠোর অবস্থানে থেকেই নাশকতাকারীদের সরকার মোকাবেলা করবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০ দলীয় জোটের আন্দোলন প্রসঙ্গে বলেন, “বিএনপি’র এই আন্দোলন মধ্যবর্তী নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়। দেশকে লেবানন বা সিরিয়ার মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত।”

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “হরতাল-অবরোধে যারা আগুনে পুড়িয়ে মানুষ মারে- কিভাবে তাদের সঙ্গে সংলাপে বসব?

“সংলাপে তাদের সঙ্গে কী নিয়ে কথা বলব? তাদের সঙ্গে মানুষ পুড়িয়ে মারা নিয়ে কী আলোচনা করব?”

“পেট্রোল বোমা ও আগুনে পুড়ে যারা মারা গেছে, তারা এর আগে কোনো না কোনো নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। অথচ তাদের তারা পুড়িয়ে মারছে।”

বিএনপি একটি পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে দাবি করেন আশরাফ।

তিনি বলেন, “বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা নয়। সিরিয়া বা লেবাননে কী হচ্ছে, তা সবাই জানে। খালেদা জিয়ার আন্দোলনের নামে এ সহিংসতার লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন নয়, তিনি বাংলাদেশে লেবানন ও সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চান।”

সংলাপের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রও কি জঙ্গীগোষ্ঠী আইএসের সঙ্গে সমঝোতা করছে? তালেবানের সঙ্গে সংলাপ করছে?

“তাই বাংলাদেশেও খুনি-সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপের সুযোগ নেই। বরং এই পরিস্থিতি শক্তভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।”

আশরাফ বলেন, “এভাবে মানুষ হত্যা করতে দেওয়া যায় না, পরিস্থিতি দমন না হওয়া পর্যন্ত সরকার কঠোর থাকবে।”