খুলনায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
খুলনা শহরে চালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন।
খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে খানজাহান আলী রোডের শান্তিধাম মোড়ে এ দুর্ঘটনায় আহত হন অটোরিকশার আরও দুই যাত্রী।
নিহত মোহাম্মদ ওয়াসিম (৩৫) সোনাডাঙ্গা থানাধীন ডালমিল মোড়ের বাসিন্দা ছিলেন।
অটোরিকশার আহত দুই যাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চালবোঝাই ট্রাকটি লবণচরা এলাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল।
পথে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে (ইজবাইক) চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ওয়াসিম ঘটনাস্থলেই মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই ট্রাক চালকের সহকারী ইমরানকে (৩০) আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
