২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীর ৬ অনুসারী আটক

আব্দুল কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ, যারা মতিঝিলে দলীয় প্রধানের সঙ্গে অবস্থান কর্মসূচিতে ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 10:28 AM

Updated : 12 Oct 2022, 03:15 PM

পুরনো খবর:

দিন-রাত অবস্থানে কাদের সিদ্দিকী

মতিঝিল থানা পুলিশ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাদের ধরে নিয়ে যায় বলে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার জানিয়েছেন।

হরতাল-অবরোধ প্রত্যাহার এবং রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধান দুই নেত্রীর সংলাপ চেয়ে গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

আটকদের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ আহমেদ, সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাউসার হাসান খান, আব্দুর রাজ্জাক ও আলমগীর রয়েছেন বলে হাবিবুর রহমান জানিয়েছেন।

গভীর রাতে মতিঝিল থেকে কয়েকজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভীর রাতে মতিঝিলের বাণিজ্যিক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা কারণে তাদের আটক করা হয়। তবে তারা কোনো দলের কর্মী কি না সে বিষয়টি নিশ্চিত নই।”