২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়াতে হবে গবেষণার ক্ষেত্র: রাষ্ট্রপতি

দেশে উচ্চশিক্ষার পরিধি বৃদ্ধির সঙ্গে মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গবেষণার ক্ষেত্র বাড়ানোর ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 09:45 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের আচার্য হিসেবে সভাপতির বক্তব্যে একথা বলে তিনি।

আবদুল হামিদ বলেন, “দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির ফলে উচ্চশিক্ষার পরিধিও আজ বৃদ্ধি পেয়েছে। তবে উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে আমাদের অবিরাম তৎপরতা চালাতে হবে। বাড়াতে হবে গবেষণার ক্ষেত্রও।”

তরুণ প্রজন্মকে জাতির প্রাণশক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “তরুণরা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। তাদের অমিত সম্ভাবনাকে বিকশিত করতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ করতে হবে। তাদের স্বপ্ন দেখাতে হবে। কারণ স্বপ্ন না থাকলে সাফল্য আসে না।”

স্নাতকোত্তর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকের এই সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে তেমনি তোমাদের ওপর দায়িত্বও অর্পণ করছে। সেই দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি।”

বৃহস্পতিবার দুপুর ৩টায় সমাবর্তন বক্তা এবং আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আচার্য।

সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠে ছিল বর্ণাঢ্য আয়োজন। বহু কাঙ্ক্ষিত এই মাহেন্দ্রক্ষণে আনন্দ ভাগাভাগি করতে একসঙ্গে জোট বেঁধেছিলেন নতুন-পুরনো শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবর্তনের মূল বক্তা সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেন, “শিক্ষাকে কোনোক্রমেই পণ্য হিসেবে বিবেচনা করা সঠিক হবে না।

“প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইনি কাঠামোর মধ্যে থেকে নিজস্ব ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করছে কি না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আউটার ক্যাম্পাস বন্ধ হয়েছে কিনা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার বিষয়ে বিশেষ ব্যবস্থা আছে কিনা- এসব বিষয় ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ও সরকারকে অবশ্যই দেখতে হবে।”

এসময় বৃহত্তর জেলা শহরগুলোর স্বনামধন্য কলেজসমূহকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেন মোজাম্মেল হোসেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ভর্তি প্রবণতার অন্যতম কারণ সম্ভবত শিক্ষার সঙ্গে সম্পৃক্ত কর্মক্ষেত্র। এজন্য সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে কর্মক্ষেত্রের বিস্তার অনুযায়ী শিক্ষা কাঠামো পুর্নগঠনের জন্য আমি আহ্বান জানাচ্ছি।”

এসময় স্বাধীনতার পর তৈরি বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামো পরিমার্জনের প্রয়োজন দেখা দিয়েছে বলে মতপ্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “আমাদের সম্পদ সীমাবদ্ধ। তাই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে। বেসরকারি সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন পথ খুঁজে বের করতে হবে।

“বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সুনাম রক্ষা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল হতে হবে।”

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “গ্রাজুয়েটরা এই শিক্ষাঙ্গনের শুভেচ্ছাদুত। প্রতি বছর শীতের শুরুতে এই পাখির আগমনের অপেক্ষায় থাকি। একইভাবে আজকে যারা বিদায় নিলেন তাদের ফিরে আসার অপেক্ষায়ও আমরা থাকব।”

প্রথম সমাবর্তনের পর দীর্ঘ ১৮ বছরে মাত্র তিনটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখন থেকে প্রতি বছর নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।”

সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরাও।

কলা ও মানবিকী অনুষদের গ্রাজুয়েট ওয়ালিউল্লাহ ওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সমাবর্তন পেয়ে আমি বেশ আনন্দিত। বিশ্ববিদ্যালয় আমাদের যে শিক্ষা দিয়েছে, সে অনুযায়ী দেশ ও দেশের মানুষের স্বপ্ন পূরণের চেষ্টা করে যাব।”

অনুষ্ঠানে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য ও একাডেমিক পরিষদের সদস্যরা।

এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউট এর ৮ হাজার ৫৫৮ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি ও পদক প্রদান করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারী ২১৪ জন, এমফিল ৫৪ জন, স্বর্ণপদকের জন্য ১৮ জনকে ডিগ্রি ও পদক দেওয়া হয়।

এদিকে বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে সমাবর্তনকে ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা। ক্যাম্পাসে পুলিশ, এসএসএফ, র‌্যাবসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ছিলেন তৎপর। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৭ তম বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ১৮ বছরে ২০০১, ২০০৬ ও ২০১০ সালে মাত্র তিনবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৪টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের অধীনে প্রায় ১২ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী পড়াশুনা করছে।