নাশকতা রুখে দাঁড়ানোর আহ্বান গণজাগরণের
দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ চলমান সন্ত্রাস ও নাশকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিলেট নগরীতে মিছিল-সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বিকালে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমানে গণজাগরণ মঞ্চের ২য় বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকাল ৪টায় চৌহাট্টা প্রজন্ম চত্বর থেকে ‘জাগরণযাত্রা’র মধ্য দিয়ে শুরু হয় ২য় বর্ষপূর্তির কর্মসূচি।
এরপর ‘সম্মিলিত প্রতিবাদ রুখতে পারে সন্ত্রাস’ শ্লোগানে নাশকতাবিরোধী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণজাগরণ দিবসের উক্ত কর্মসূচিতে রাজনীতির নামে মানুষ হত্যা ও পরীক্ষার্থীদের জিম্মি করা বন্ধের দাবিকে আরও বেগবান করতে তাদের সঙ্গে সংহতি জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্কৃতিকর্মীরা অংশ নেন এ কর্মসূচিতে।
জাগরণযাত্রা পরবর্তী সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, ,মুক্তিযোদ্ধা আবদুল খালিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক আশরাফুল কবির, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি পাপলু বাঙ্গালী, মঞ্চের সংগঠক রাজীব রাসেল প্রমুখ।
