লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি খুন
লক্ষ্মীপুর সদরে হত্যা ও অপহরণ মামলার এক আসামির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরবনগর গ্রামের একটি ধানক্ষেতে মো. রতনের লাশ পাওয়া যায়।
পুলিশ বলছে, নিহত রতন স্থানীয় নাছির বাহিনীর সদস্য এবং তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধারের সময় হাত-পা বাঁধা ও অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, ধানক্ষেতে অর্ধগলিত ও হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে। পরে রতনের মা এসে তার ছেলের লাশ শনাক্ত করেন।
"রতন স্থানীয় নাছির বাহিনীর সদস্য ও তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে," বলেন ওসি।
নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে রতন খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ, বলেন ওসি হুমায়ুন কবির।
