গাজীপুরে বাসে পেট্রোল বোমা: মামলায় মেয়র ও ছেলে
গাজীপুরে বুধবার রাতে বাসে পেট্রোল বোমা হামলা ও যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় মেয়র এম এ মান্নান ও তার ছেলেসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ
বৃহস্পতিবার জয়দেবপুর থানার উপ-পরির্শক (এসআই) মো. রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, তার ভাই আব্দুল কাদের, ভাইয়ের ছেলে আলমগীর হোসেন ও ছেলে মঞ্জুরুল আলম রনিসহ ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০/২০ জনকে আসামি করা হয়।
এ মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা হয়েছে।
জয়দেবপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পূর্বদিকে ও গাজীপুর জেলা পুলিশ লাইনের পশ্চিমে ঢাকা-গাজীপুর সড়কে বলাকা পরিবহনের একটি চলন্ত বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পাঁচ বাসযাত্রী দগ্ধ হন।
এ ঘটনায় রাতেই ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
