লালমনিরহাটে চুলা বিস্ফোরণে দগ্ধ দুই হোটেল শ্রমিকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় রেস্তোরাঁয় পাম্পের চুলা বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাঁচদিন পর দুই হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার তারা দগ্ধ হন। বুধবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরা হলেন, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সুরুজ্জল মিয়া (৩৪) ও একই গ্রামের হেমন্ত বর্মনের ছেলে তপন বর্মণ (৩০)।
হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন সরকার জানান, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার দইখাওয়া হাটের পিপাসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাম্পের সাহায্যে চালানো কেরোসিনের চুলা বিস্ফোরণের পর দোকানে আগুন লেগে যায়।
এতে ওই রেস্তোরাঁর কর্মচারী সুরুজ্জল ও তপন বর্মণ দগ্ধ হন।
আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
