‘জঙ্গিবাদে অর্থদাতারাই নাশকতায় টাকা ঢালছে’
জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সের প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোকে যারা অর্থ দিয়ে থাকেন তারাই বর্তমানে চলমান নাশকতায় টাকা যোগাচ্ছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের সভা শেষে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, হরতাল-অবরোধের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যার জন্য টাকা দেওয়া হচ্ছে।
জঙ্গি অর্থায়ন রোধে গঠিত টাস্কফোর্স ওই অর্থ দাতাদের খুঁজে বের করতে কাজ করছে বলে জানান তিনি।
টাস্কফোর্স এরই মধ্যে অনেক দূর এগিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বর্তমানে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, আর জঙ্গিবাদের পেছনের অর্থায়নের উৎস একই।”
ফাইল ছবি
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চলছে। অবরোধের ফাঁকে ফাঁকে হরতালেরও ডাক আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে।
এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, যাতে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ছাড়াও পুলিশ, র্যাব ও বিজিবি প্রধান উপস্থিত ছিলেন।
