টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফের বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার কাছে নাফ নদীর মোহনায় অভিযান চালায় বিজিবি।
এ সময় ৭০ হাজার ইয়াবা আটক করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান লে. কর্নেল জাহিদ।
এর আগে বুধবার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নৌবাহিনী, যেটি দেশের এ যাবতকালের সর্বোচ্চ ইয়াবা চালান জব্দ বলে দাবি করেছে তারা।
