ব্রাহ্মণবাড়িয়া কারাগারের নারী হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক নারী হাজতির মৃত্যু হয়েছে।
একটি মাদক মামলায় বিচারাধীন সুফিয়া বেগম (৫০) গত ২২ জানুয়ারি থেকে জেলা কারাগারে ছিলেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা।
সুফিয়ার মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও কারা কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যে পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ডেপুটি জেলার সাইমুর রহমহান বলেন, বুধবার সন্ধ্যায় কারা অভ্যন্তরে সুফিয়ার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনিতে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির পর একই দিন সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে হাসপাতালে আনার আগেই সুফিয়ার মৃত্যু হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা শরমিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু রহস্য উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
