২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকার মেয়াদেই ফোর-জি: জয়

বর্তমান সরকারের মেয়াদেই দেশবাসীকে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফোর-জি) সেবা দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 03:34 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

আগামী বছরেই ফোর-জি তরঙ্গ নিলাম অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় বলেন, “আমার ভিশন বাংলাদেশ অন্য কোন দেশের চেয়ে টেকনোলজির দিক থেকে পিছিয়ে থাকবে না।

“আমার ব্যক্তিগত কিছু টার্গেট, তার মধ্যে প্রথম হচ্ছে যেটা এখন গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আমরা নেটওয়ার্ক বানাচ্ছি, ডিজিটাল ডেটা সেন্টার বানাচ্ছি- এখন নজর দিতে হবে সিকিউরিটির ওপর।”

দ্বিতীয় লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, “ইন্টারনেট হয়ে যাচ্ছে আমাদের সাধারণ একটি সেবা, ভবিষ্যতের জন্য করতে হবে ইন্টারনেট নিউট্রালিটি বা নেট নিউট্রালিটি পলিসি। একটি স্ট্রং পলিসি করার দায়িত্ব দেব, যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, ইন্টারনেট যাতে সব মানুষের কাছে সমান থাকে এবং কম খরচে সবার কাছে পৌঁছাতে পারে।”

দেশবাসীর কাছে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া ভবিষ্যত পরিকল্পনায় তৃতীয় অগ্রাধিকারে রয়েছে জানিয়ে জয় বলেন, গত মেয়াদে সরকার থ্রিজি বাস্তবায়ন করেছে, নেটওয়ার্ক সব উপজেলায় পৌঁছে গেছে।

“আমি ব্যক্তিগতভাবে এক পর্যায়ে বসে থাকতে রাজি নই। আমি চাই আমাদের দেশ প্রতি বছর এগোতে থাকবে, কোনো একটি টার্গেটে আমি খুশি নই। আমরা ওয়াদা করেছিলাম এই টার্মে ফোর-জি বাস্তবায়ন করব।

“এখন আমার ভবিষ্যতে পরিকল্পনা হল, আমাগী বছরের মধ্যে অর্থাৎ ২০১৬ সালের মধ্যে ফোর-জি স্পেকট্রাম অকশন করবো এবং এই টার্মের মধ্যে সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক বাস্তবায়ন হবে।”

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের স্বপ্ন নিজেরও ছিল বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়।

“সেটারও আমরা শেষ পথে চলে এসেছি,” বলেন তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “যাদের ট্যাব পৌঁছে দেওয়া হল তাদের প্রতি অনুরোধ, আমরা এসেছি দেশের মানুষের সেবা করতে, দেশের মানুষের কাজ করতে, দেশের মানুষের জীবনে উন্নয়ন আনতে, দেশের প্রতিটি মানুষ, প্রতিটি গ্রামের মানুষকে যাতে সরকারি সেবা পেতে কষ্ট করতে না হয় ডিজিটাল বাংলাদেশের মূল উদ্দেশ্যই এটি।”

সরকারি সেবা যতো বেশি ডিজিটাল করা যাবে ততো দুর্নীতি কমবে বলে মনে করেন জয়।

এর ব্যাখ্যায় তিনি বলেন, “তখন আর মানুষের হাতে কিছু থাকবে না, কম্পিউটারের হাতে থাকবে। কম্পিউটার কখনো দুর্নীতি করে না, এই ট্যাব নিয়ে মানুষের সেবা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।”

বিভিন্ন সরকারি সেবা ডিজিটাল প্রযুক্তির আওতায় আনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, “যে কোনো জেলায় আমরা ভিডিও কনফারেন্স করতে পারছি। এটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এসব সাফল্যের পেছনে যে পরিশ্রম করা হয়েছে অনেকে জানে না। অনেক দূর এগিয়েছি, আরো অনেক বাকি রয়েছে।”

দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্য এবং সাধারণ শিক্ষার্থীদের স্বল্পসুদে ল্যাপটপ দেওয়ার  পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব শ্যামসুন্দর সিকদারের হাতে ট্যাব তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

এছাড়া গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ‘ইনফো সরকার-২’ নামের একটি প্রকল্পের আওতায় কর্মকর্তাদের এই ২৫ হাজার ট্যাব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ১৮ হাজার সরকারি কর্মকর্তার হাতে এ ট্যাব পৌঁছে দেয়া হচ্ছে। তারা পাচ্ছেন হুয়াওয়ে ব্র্যান্ডের মিডিয়া প্যাড।

ট্যাবলেট পিসি ব্যবহার করে একজন কর্মকর্তা প্রয়োজনে অফিসের বাইরে থেকেও দাপ্তরিক কাজগুলো এগিয়ে নিতে পারবেন এবং কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন বলে মনে করেন পলক।

অনুষ্ঠানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।