২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসে বোমা, নামতে গিয়ে আহত ৩

অবরোধ-হরতালের মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার পর জানালা দিয়ে নামতে গিয়ে তিন যাত্রী আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 11:29 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার রাত ৮টার দিকে উপজেলার ধাপেরহাট বাজারের ফাইভস্টার মোড়ে এ ঘটনা ঘটে বলে ধাপেরহাট পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন জানান।

আহত কনা খাতুন (২০), বেবি বেগম (২৫) ও শহিদুল ইসলামকে (৪৫) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রামে।

এসআই জালাল জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনআর পরিবহনের বাসটি আমেনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কয়েকজন যুবক বোমা ছুড়ে পালিয়ে যায়।

এ সময় বাসের সামনের অংশে আগুন ধরে গেলে আতঙ্কিত যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন। এতে তিনজন আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় বাসের আগুন নেভানো হয় বলে জানান তিনি।