২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবর্তনের আগের রাতে জাবিতে বোমাবাজি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আগের রাতে একটি আবাসিক হলের পাশে হাতবোমা ফাটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 10:50 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে বুধবার রাত ৮টার দিকে শহীদ সালাম বরকত হলের উত্তর পাশে এ ঘটনা ঘটে বলে সহকারী প্রক্টর নাজমুল হাসান জানান।

বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন হওয়ার কথা, যেখানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও উপস্থিত থাকার কথা। 

এবার সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সহকারী প্রক্টর নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতবোমা বিস্ফোরণের এ ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী সালাম বরকত হলের শিক্ষার্থী ও হলের সামনের দোকান কর্মচারীরা জানান, রাত ৮টার দিকে হলের পাশের মাঠে বিস্ফোরণের বিকট শব্দ হয়। শিক্ষার্থী ও দোকান কর্মচারীরা দৌড়ে গেলে দুজনকে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ডিঙিয়ে পালাতে দেখেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সালাম বরকত হলের আবাসিক ছাত্র রাজিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এসব ঘটানো হচ্ছে।”

এর আগেও যারা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং সমাবর্তন বর্জন করছে, তারাই ‘ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে’ এ কাজ করেছে বলে তার অভিযোগ।

চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ছাত্রদল ইতোমধ্যে সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে।

গত ১৯ জানুয়ারি রাতে উপাচার্যের বাসভবনের সামনে, এরপর ২৮ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকায় বোমাবাজি হয়।

সমাবর্তনের নিরাপত্তা নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতবোমা বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। সমাবর্তন সুষ্ঠুভাবেই হবে।”