২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তির চাপ কমাতে ৩৯ হাজার শ্রেণিকক্ষ

প্রথম শ্রেণিতে ভর্তির চাপ কমাতে দেশব্যাপী অতিরিক্ত ৩৯ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে বলে সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে স্কুলে ভর্তির সংখ্যা প্রতি বছর বাড়ছে। তবে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় শ্রেণিকক্ষের সঙ্কট রয়েছে।

“অধিক সংখ্যক শিক্ষার্থীর ভর্তির বিষয়টি বিবেচনায় পিইডিপি-৩ এর আওতায় দেশব্যাপী ৩৯ হাজার ৩টি অতিরিক্ত শ্রেষিকক্ষ নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হবে।”

তিনি জানান, ইতোমধ্যে প্রায় ১২ হাজার অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। আশা করা যায়, ক্যাচমেন্ট এলাকা বিবেচনায় বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা সম্ভব হবে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বর্তমানে দেশে ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ প্রণয়নের আগে স্থাপন করা হয়। এরমধ্যে ১৫টি বিশ্ববিদ্যালয় বর্তমানে তাদের নিজস্ব ক্যাম্পাসের নির্ধারিত জমিতে কার্যক্রম শুরু করেছে।

ঢাকায় ‘অবৈধ’ ভবন সাড়ে চার হাজার

সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, ঢাকা শহরে রাজউকের অনুমোদন বর্হিভূত/অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের সংখ্যা প্রায় ৪ হাজার ৫০০টি।

তিনি জানান, ২০১৪ সালে ডিসেম্বর মাস পর্যন্ত ৭০টি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে। অনুমোদন বিহীন ভবন অপসারণ রাজউকের একটি রুটিন ওয়ার্ক।