দিনাজপুরে ট্রাকে পেট্রোল বোমা, ভাংচুর
দিনাজপুরে সবজি ভর্তি একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা ও সাতটি ট্রাক ভাংচুর করেছে অবরোধ সমর্থনকারীরা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এই হামলায় দুইজন আহত হয়েছেন।
এ ঘটনায় জামায়াতের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান জানান, সকালে সদরের বালুয়াডাঙ্গা এলাকায় দিনাজপুর-পীরগঞ্জ সড়কে দিনাজপুরমুখী মাল বোঝাই পাঁচটি ট্রাক ভাংচুর করে দুর্বৃত্তরা। এ সময় তোফায়েল হোসেন (২৫) নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
প্রতিটি ট্রাকে ইট নিক্ষেপ করে হেড লাইটসহ সামনের কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি জানান, একই সময় নবাবগঞ্জ উপজেলার দলারদরগা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সবজি বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা।
এতে কিছু সবজি নষ্ট হলেও চালক ও তার সহকারী অক্ষত রয়েছেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ওই এলাকা থেকে ফজলুর রহমান নামে জামায়াতের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে।
এছাড়া ঘোড়াঘাট উপজেলার সোনামুখী এলাকায় দুপুরে চাল বোঝাই দুটি ট্রাক ভাংচুর করে ২০ দলীয় জোট সমর্থকরা। এতে ট্রাক চালক জালাল ও তার সহকারী রফিক আহত হয়েছেন।
