২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন দূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 06:40 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মঙ্গলবার বিকালে বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেওয়ার এই আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত হিসেবে কার্যক্রম শুরু করছেন বার্নিকাট, যিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হয়েছেন।

এমন এক সময়ে বার্নিকাট যুক্তরাষ্ট্রের দূতের দায়িত্বে এলেন, যখন নতুন নির্বাচনের দাবিতে সারা দেশে বিএনপি জোটের লাগাতর অবরোধ চলছে।

বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্রও বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিল।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ছাড়পত্র পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির শুনানিতে বার্নিকাটও ওই নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বলেছিলেন।

বাংলাদেশে আরও ‘বেশি প্রতিনিধিত্বমূলক সরকার’ নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

নতুন রাষ্ট্রদূত হিসাবে তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, তার দায়িত্বপালনকালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।

ইহসানুল করিম বলেন, “সাম্প্রতিক সময়ে সহিংসতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেছেন, ‘সন্ত্রাস ও সহিংসতা গ্রহণযোগ্য নয়, কারণ এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না’।”

রাষ্ট্রপতির সঙ্গে একমত পোষণ করে নতুন রাষ্ট্রদূত বলেন, “সন্ত্রাস ও সহিংসতা গণতন্ত্রের পথ হতে পারে না।”

বার্নিকাটের সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এবং জিএসপি সুবিধা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রপতি।

দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বার্নিকাট বলেন, তিনি জিএসপিসহ তৈরি পোশাক খাতের ‘বাধা দূর করতে’ কাজ করবেন।

পেশাদার কূটনীতিক বার্নিকাট বাংলাদেশে আসার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানব সম্পদ বিষয়ক ব্যুরোতে উপ-সহকারী সচিব পদে দায়িত্বে ছিলেন। ২৭ বছরের কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বার্নিকাট দক্ষিণ এশিয়া নিয়েও কাজ করেছেন।

তিনি রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও আলোচনার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।

নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়।

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ব্যুরোতে কাজ করেন বার্নিকাট। এ সময় তার আওতায় ছিল ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।

লাফায়েত কলেজ থেকে স্নাতক এবং জর্জটাউন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া বার্নিকাট ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত গিনি বিসাউ ও সেনেগালে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলানোর আগে বার্বাডোজ ও মালাবিতে উপ রাষ্ট্রদূতের পদে ছিলেন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের নয়াদিল্লি মিশনে কাজ করেন। তার আগে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কাজ করেছেন নেপাল ডেস্ক অফিসার হিসেবে।